প্রখম পাতা কার্যাবলী সদস্য ফোরাম আমাদের কথা [ Register ]   English
 

বিদ্যমান শ্রম পরিস্থিতি ও গার্মেন্টস শিল্পের ভবিষ্যত্‍

 

আবুল হোসাইন

ভূমিকা: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ৭৬ ভাগ উপার্জনকারী ২০ লাখ গার্মেন্টস শ্রমিক সাড়ে চার হাজার কারখানায় এক চরম অসহনীয় শ্রম পরিবেশে কাজ করে চলেছে নিজের জন্য, দেশের জন্য। এই শিল্প শ্রমিকের কর্মস্থলে কোনো নিরাপত্তা নেই। বিগত দুই যুগে বহু শ্রমিক কাজ করতে এসে লাশ হয়ে ফিরে গেছে মায়ের কোলে। এত শিল্পের ভাবমুর্তি দেশ-বিদেশে ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। শিল্প মালিকদের আইন অমান্য মনোভাব এর অন্যতম কারণ। সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের ব্যর্থতার মালিকদের এ মনোভাব সৃষ্টি হয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করে। শ্রমিকেরা গার্মেন্টস মালিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারকে আইন বাস্তবায়নের দায়িত্ব পালনে বারবার দাবি করে আসছে। সরকার ও গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের এ দাবিকে কখনোই গুরূত্ব দেয়নি। সরকারের দুর্বলতা মালিকদের দ্রুত মুনাফালোভী মনোভাবের কারণে অনেক গার্মেন্টস মালিক আইন লংঘনে বেপরোয়া হয়ে উঠেছেন। গার্মেন্টস মালিকদের আইন অমান্যের এই বেপরোয়া মনোভাবের লাগাম টেনে ধরতে না পারলে শিল্পের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আইন অমাণ্যের কারণে গত বছর সাভার বাইপাস অবস্থিত স্পেকট্রাম গার্মেন্টস ধরে পড়ে এবং চট্টগ্রামের কেটিএস গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শত শত শ্রমিকের প্রাণহানির আর যেন পুনরাবৃত্তি না ঘটে, এখনই তার প্রয়োজনীয পদক্ষেপ গ্রহণ করা দরকার।

এমএফএ অবসানের পর বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বব্যাপী এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান করতে সক্ষম না হলে শিল্পটি আরো কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এই চ্যালেঞ্জের অন্যতম বিষয় হচ্ছে শিল্পের শ্রম পরিস্থিতি। বিদ্যমান শ্রম পরিস্থিতির উন্নত ঘটাতে না পারলে শিল্পের ওপর চরম আঘাত আসতে পারে। এ ব্যাপারে শ্রমিক সমাজ খুবই উদ্বিগ্ন। শ্রমিকসমাজ মনে করে উন্নত মজুরিকাঠামো, স্বাস্থ্যসম্মত শ্রম পরিবেশ, পেশাগত নিরাপত্তা, শ্রম অধিকার, দক্ষ শ্রমশক্তি, পণ্যের গুণগত উত্কর্ষতা, কাঙ্ক্ষিত উত্পাদনশীলতা, অবকাঠামোগত উন্নতি, প্রাতিষ্ঠানিক পরিষেবা নিশ্চিত করা সম্ভব হলে এই শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বিষয়টি খুবই স্পর্শকাতর। এক যুগ আগে সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছিল মাত্র ৯৩০ টাকা, যার সমান ছিল ৩০ মার্কিন ডলার। বিগত এক যুগে টাকার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি ও বাজার মূল্যের ঊর্ধ্বগতির ফলে গার্মেন্টস শ্রমিকেরা শিল্পে মজুরি বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ জন্য মালিকদের ও সরকারকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা দরকার। এ শিল্পের সমস্যা যেমন রয়েছে, তেমনি সম্ভাবনাও রয়েছে প্রচুর। শ্রমিকসমাজ মনে করে, উল্লিখিত বিষয়গুলোর সুষ্ঠ সমাধানের ওপর শিল্পের ভবিষত্‍ অনেকাংশে নির্ভরশীল।